সারোয়ার সবুজ:-রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল এবং কারেন্ট জালের বিরুদ্ধে একটি কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। পুঠিয়ার কান্তার বিলে আজ শনিবার সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) শিবু দাসের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোট ৮০টি চায়না দুয়ারী জাল, ৩টি সুতি জাল, ৫০০০ মিটার কারেন্ট জাল এবং ৭টি বেহুন্দী জাল জব্দ করা হয়। অভিযান শেষে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যা স্থানীয় পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিবু দাস বলেন, “অবৈধ মাছ ধরার যন্ত্রপাতি ব্যবহার জলজ সম্পদ বিনষ্ট এবং পরিবেশের ক্ষতি করে। 
তাই আমরা কঠোরভাবে এসব চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবো। জলজ সম্পদের সুরক্ষা আমাদের অগ্রাধিকার। স্থানীয় মৎস্যজীবী এবং এলাকাবাসী এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে দীর্ঘমেয়াদে মাছের প্রজনন ও মৎসসম্পদের উন্নতি হবে।