সারোয়ার সবুজ, গোদাগাড়ী (রাজশাহী):
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা জোরদার ও সামাজিক অবক্ষয় রোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিজিবি প্রতিনিধি, সহকারী কমিশনার (ভূমি), কৃষি, মৎস্য ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গোদাগাড়ী উপজেলায় এখন পর্যন্ত ‘শয়তানের নিঃশ্বাস’ বা হিপনোটাইজ করার মতো কোনো ঘটনা না ঘটলেও এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়। বিশেষ করে নগদ টাকা বহনের ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি অনলাইন জুয়া ও মাদক পাচার রোধে পুলিশি টহল আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সভায় বলা হয়, প্রলোভন বা হিপনোটাইজ করে ছাত্রীদের অপহরণের প্রবণতা রোধে অভিভাবক ও শিক্ষকদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ইভটিজিং রোধে বিশেষ নজরদারি রাখা হবে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুল চলাকালীন কোনো কোচিং সেন্টার চালানো যাবে না। সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসির যৌথ তত্ত্বাবধানে এটি কঠোরভাবে মনিটরিং করা হবে। পাশাপাশি বাল্যবিবাহ রোধ, স্কুল ফিডিং কর্মসূচির খাবারের গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে কড়া নির্দেশ দেওয়া হয়।
সড়ক ও জনপথ বিভাগের উদ্ধারকৃত জমি যেন পুনরায় বেদখল না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে। এছাড়া যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট নির্মাণ, কামারপাড়া-অভয়া সহ ঝুঁকিপূর্ণ হাইওয়েতে স্পিড লিমিট সাইনবোর্ড স্থাপন এবং দোকানপাটের অতিরিক্ত ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।
সীমান্তবর্তী এলাকায় রাখালদের গরু নিয়ে অবৈধ পারাপার এবং জেলেদের সীমান্ত অতিক্রম রোধে সংশ্লিষ্ট গ্রামগুলোতে জনপ্রতিনিধিসহ স্থানীয়দের সহযোগিতায় সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জানান, বর্তমান সার সংকট নিরসনে কাজ চলছে আগের চাইতে এখন অনকটা স্বাভাবিক, এবং সার পাচার রোধে বিজিবি ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া আসন্ন ৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা।
সভায় তরুণ সমাজকে রক্ষা করতে মাদক ও যেকোনো সামাজিক অবক্ষয়মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সবশেষে, উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।