সারোয়ার সবুজ;-
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় সাংবাদিক সংস্থার স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় ও জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ অংশ নেন।
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে এবং রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান মো. আবদুর সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুর সবুর বলেন, মরহুম মুহম্মদ আলতাফ হোসেন ছিলেন বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনের এক ক্ষণজন্মা ও নির্ভীক ব্যক্তিত্ব। বিশেষ করে তৃণমূল ও মফস্বল সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতে তিনি আজীবন আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে গড়ে ওঠা ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ আজ দেশের প্রতিটি প্রান্তের সংবাদকর্মীদের অধিকার আদায়ের নির্ভরতার প্রতীক।
বিশেষ অতিথির বক্তব্যে গোলাম মোস্তাফা মামুন উল্লেখ করেন, মুহম্মদ আলতাফ হোসেন কেবল একজন দক্ষ সংগঠকই ছিলেন না, বরং তিনি ছিলেন মাঠপর্যায়ের সাংবাদিকদের সুখ-দুঃখের অকৃত্রিম আশ্রয়স্থল। বর্তমান মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জিং প্রেক্ষাপটে তাঁর মতো নিষ্ঠাবান ও দূরদর্শী অভিভাবকের আদর্শকে ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের অবিচল থাকার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মো. নুরে ইসলাম মিলন মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মুহম্মদ আলতাফ হোসেন মফস্বল সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংবাদকর্মীদের অধিকার সুরক্ষায় যে পথ দেখিয়ে গেছেন, রাজশাহী বিভাগে সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক ঐক্য বজায় রেখে যেকোনো সংকট ও নির্যাতনে পেশাদার সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং সংগঠনকে আরও গতিশীল করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সভাপতি গোলাম রসুল রওনক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুরুজ আলী, দপ্তর সম্পাদক তাইরান আবাবিল হাসান সোহাগ, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, সাংবাদিক রাজিব আলী রাতুল, সংস্থার মহানগর কমিটির সাধারণ সম্পাদক আরবিএস পাভেল এবং বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথসহ বিভাগ, জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আবদুর সবুর।