সারোয়ার সবুজ :- গোদাগাড়ী উপজেলা কৃষকদলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রকৃত কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়ন করার লক্ষে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।গোদাগাড়ী উপজেলায় কৃষক, শ্রমিক ও মেহনতী, হতদরিদ্র মানুষের নায্য অধিকার ও গরীবদের ভিজিএফ, ভিজিডি ও কৃষি উপকরণসহ সমস্ত সরকারি অনুদান গরীবদের মাঝে সঠিকভাবে বিতরণ না করায় এবং আওয়ামীলীগের পদধারী, উপকারভোগী নিয়ে বিভিন্ন মিটিং ও কার্যকলাপে জড়িত থাকার কারণে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে গোদাগাড়ী উপজেলা কৃষক দল।
১২ মে (সোমবার) সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে উপজেলা শহিদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক ও রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল আলম সমাপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব এ্যাড. আশরাফ মল্লিকসহ জেলা ও উপজেলা কৃষকদলের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ ইউপি নির্বাচনে নির্বাচিত বিতর্কিত চেয়ারম্যানগণ এখনো স্বপদে বহাল রয়েছে। তাদের অনেকেই জুলাই মাসে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে সশরীরে সন্ত্রাসী কর্মকান্ডে অংশগ্রহণ করে। অনেকে মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিংবা আত্মগোপনে থেকে রাজনৈতিক আশ্রয়ে রক্ষা পাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদের সহযোগিতায় সরকারী কৃষি উপকরণ বিতরণ করছেন, যা প্রকৃত কৃষকদের সঙ্গে চরম বৈষম্য। বিগত সরকারের তৈরি তালিকা অনুযায়ী, অপ্রাকৃত ও দলীয় কৃষকদের মাঝেই এই উপকরণ বিতরণ করা হচ্ছে। প্রকৃত কৃষকরা অতীতে যেমন বঞ্চিত হয়েছেন, আজও তেমনি বঞ্চনার শিকার।
সমাবেশে কৃষকদলের নেতৃবৃন্দ জানান, বরাদ্দপ্রাপ্ত বীজ, সারসহ কৃষি উপকরণের জন্য বারবার ইউএনও অফিসে ধর্ণা দিয়েও কৃষকদলের নেতৃবৃন্দ ও প্রকৃত কৃষকরা প্রতিবারই প্রত্যাখ্যাত হয়েছেন। এই পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বক্তারা অবিলম্বে আওয়ামী দোসর সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সহ দুর্নীতিগ্রস্ত তালিকা বাতিল করে প্রকৃত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের জোর দাবি জানান এবং স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে কৃষকদের দাবি আদায়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।