গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে ঐতিহ্যবাহী নূরানী কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণী, বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ২০২৪ সালের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আলোকিত করেন মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাও. সীবগাতুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অত্র গোদাগাড়ী পৌর সদরে অবস্থিত নূরানী কিন্ডারগার্টেনটি ২০০৬ সাল থেকে সফলভাবে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি শুরু থেকেই ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল বিষয়ে শিক্ষা প্রদানের মাধ্যমে নিজেদের একটি স্বতন্ত্র স্থান তৈরি করেছে।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা প্রতিষ্ঠানের এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।