সারোয়ার সবুজ-: রাজশাহীর গোদাগাড়ীতে নূরানী কিন্ডারগার্টেনের অভিভাবক সমাবেশ, বৃত্তি প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় নূরানী কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং অভিভাবকদের মধ্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ, বার্ষিক পুরস্কার প্রদান, একজন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পুরস্কার ও সনদপত্র পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীদের এমন অর্জনে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।
নূরানী কিন্ডারগার্টেনের পরিচালক ও সাংবাদিক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌর শাখার শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি মো. হেলাল উদ্দিন, গোদাগাড়ী মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা সীবগাতুল্লাহ, শাহ সুলতান (রহ.) কামিল মাদরাসার শিক্ষক মাওলানা হানিফ বিন রুহুল আমিন, গোদাগাড়ী পৌরসভার যুব বিভাগের সহকারী অর্থ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক এবং সমাজ ও মানবকল্যাণ সংঘের মহাসচিব মো. নুরে আলম অহিদ প্রমুখ।
এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে গোদাগাড়ী মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সীবগাতুল্লাহ সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।