সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যার রহস্য উদঘাটন করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। হত্যায় ব্যবহৃত লোহার হাতুড়ি ও ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর বিকেলে সিহাব রানা অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। ওইদিন রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত হাবিবুল বাশার শিমুল ২০০ টাকা ভাড়ায় সিহাবের অটোরিকশাটি দিগ্রামের উদ্দেশে ভাড়া করে।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, অটোরিকশাটি মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে পৌঁছালে শিমুল পেছন দিক থেকে সিহাবের মাথায় হাতুড়ি দিয়ে পরপর দুটি আঘাত করে। মৃত্যু নিশ্চিত করে মরদেহ রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় সে।
পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সিহাবের সন্ধান না পেয়ে গত ২৮ অক্টোবর তার বাবা মো. সোহেল রানা গোদাগাড়ী থানায় নিখোঁজ সংক্রান্তে সাধারণ ডায়েরি করেন।
গত ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে কলিপুর গ্রামের ধানক্ষেত থেকে পুলিশ সিহাবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০১, তারিখ- ০১ নভেম্বর ২০২৬, ধারা- ৩০২/৩৭৯/২০১/৩৪ পেনাল কোড।
এরপর রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদের দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মো. সামসুল আলম ও অফিসার ইনচার্জ মো. সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাজ্জাক হোসেনের নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।
গত ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজ থেকে হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১. হাবিবুল বাশার শিমুল – পিতা মো. ইব্রাহিম আলী, গ্রাম: লস্করহাটী, গোদাগাড়ী
২. মোসা: জোহুরা বেগম – স্বামী মো. ইব্রাহিম আলী, একই গ্রাম ৩. মো. সুজন – পিতা মৃত রমজান আলী বিশ্বাস, গ্রাম: জয়নগর মীরপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর
৪. মো. আ: হালিম – পিতা মো. মতিউর রহমান, গ্রাম: বাগানপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।