সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ীতে মাঠে উঠতে শুরু করেছে শীতকালীন টমেটো। তবে উৎপাদন মৌসুমের শুরুতেই টমেটোর ন্যায্য দাম নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। গত দুই দিনে টমেটোর দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ার পাশাপাশি গত শুক্রবার ও শনিবার ঢাকার পাইকাররা সিন্ডিকেট করে টমেটো কেনা বন্ধ রেখেছেন বলে অভিযোগ করেছেন কৃষকরা।
কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার প্রতি মণ টমেটোর দাম ছিল ২ হাজার ২০০ টাকা। পরদিন বৃহস্পতিবার তা কমে দাঁড়ায় ১ হাজার ৮০০ টাকায়। আর শুক্রবার দাম নেমে যায় ১ হাজার ৭০০ টাকায়। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি মণে ৫০০ টাকা কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, বুধবার গোদাগাড়ীর ঘন্টি-বেলডাঙ্গা এলাকার একটি চাতালে কৃষকরা একত্রিত হয়ে টমেটো বিক্রির বিষয়ে একটি সিদ্ধান্ত নেন। সেখানে এলাকার দালাল ছাড়া এবং ৪৮/৫০ কেজিতে মণ না ধরে ৪৫ কেজিতে এক মণ হিসেবে টমেটো কিনতে ঢাকার পাইকারদের অনুরোধ করা হয়।
কৃষকদের দাবি, এরপর থেকেই গোদাগাড়ীতে আসা ঢাকার পাইকারদের একটি অংশ ও স্থানীয় দালালদের মধ্যে বাজার নিয়ন্ত্রণের জন্য সিন্ডিকেট তৈরি হয়েছে। এর ফলে শুক্রবার থেকে টমেটো কেনা প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবারও একই পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ কৃষকদের।
কৃষকদের ভাষ্য, কেউ কেউ টমেটো কিনলেও সর্বোচ্চ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা মণ দাম বলছেন। অথচ এর আগের দিনও বাজারে প্রতি মণ টমেটোর দাম ছিল ১ হাজার ৭০০ টাকা। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা।
এদিকে ঢাকার কয়েকজন টমেটো ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তারা জানান, বৃষ্টির পানিতে গোদাগাড়ীর খৈলানগুলো কাদায় পরিণত হয়েছে। পাশাপাশি ঢাকার বাজারের অবস্থাও ভালো নয়। এসব কারণেই টমেটো কেনাকাটা কমেছে বলে দাবি তাদের।
তবে কৃষকদের অভিযোগ, শুধু বৃষ্টি বা ঢাকার বাজারের খারাপ অবস্থার কারণে নয়, বরং ৪৮/৫০ কেজিতে মণ না দিয়ে ৪৫ কেজিতে মণ হিসেবে টমেটো কেনার সিদ্ধান্তের পর থেকেই মূলত পাইকাররা বাজার থেকে সরে গেছেন। তাদের অভিযোগ, স্থানীয় দালালদের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে কৃষকদের কাছ থেকে কম দামে টমেটো কেনার চেষ্টা করা হচ্ছে।
এ অবস্থায় উৎপাদন খরচ, পরিবহন ও শ্রমিকের খরচ মেটানো নিয়েও শঙ্কায় পড়েছেন কৃষকরা। তাদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে বাজারের অচলাবস্থা নিরসন, দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং টমেটোর সুষ্ঠু ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে।
কৃষকরা বলছেন, চলমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে মৌসুমের শুরুতেই তারা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন। তাই কৃষক বাঁচাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।