সারোয়ার সবুজ:-
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাদক সেবন ও অনলাইন জুয়ায় জড়িত থাকার অপরাধে নাদের আলী (৪০) নামের এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) উপজেলার খুঁটিপাড়া ও শিলমাড়িয়া এলাকায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবুদাস।
প্রশাসন সূত্রে জানা যায়, এলাকায় মাদকের বিস্তার রোধ এবং মাদক বিক্রেতা ও সেবীদের আইনের আওতায় আনতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয় খুঁটিপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. নাদের আলীকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো মাদক বিক্রেতা এবং মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।