সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার ভাঙন কবলিত মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এবং ব্যারিস্টার মিলনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার অনলাইন পোর্টাল ‘গোদাগাড়ী নিউজ ২৪’-এ গোদাগাড়ী পৌর এলাকার ভাঙন পরিস্থিতি নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর মাত্র একদিন পর, অর্থাৎ গত শুক্রবারই দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান ব্যারিস্টার মিলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে প্রশাসন ও সংশ্লিষ্টদের তৎপরতায় ঘটনার পরের দিন শনিবার থেকেই ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়। আকস্মিক এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন নদী ভাঙনের ঝুঁকিতে থাকা সাধারণ মানুষ।
এলাকাবাসী জানান, ভাঙন যেভাবে রূপ নিচ্ছিল, তাতে দ্রুত ব্যবস্থা না নিলে বহু ঘরবাড়ি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন দ্রুত সাড়া দেওয়া সত্যিই প্রশংসনীয়।
তাত্ক্ষণিক এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, “জিও ব্যাগ ফেলা সাময়িক স্বস্তি দিলেও নদীর ভাঙন থেকে সম্পূর্ণ রক্ষা পেতে এলাকায় দ্রুত একটি স্থায়ী সমাধান ও স্থায়ী প্রটেকশন দরকার।” তারা ভাঙন কবলিত এই জনপদে নদী শাসনের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের জোড় দাবি জানান।