সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মো. মধু মিয়া (৬২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সময় ১৮টি মামলার পলাতক আসামি মিলন হোসেন ওরফে বগা (৪৫) কৌশলে পালিয়ে যান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোদাগাড়ী থানার গোলাই গ্রাম থেকে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার মধু মিয়া রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গোলাই গ্রামের একটি প্লটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মধু মিয়াকে আটক করা হয়। পরে তার তল্লাশি চালিয়ে পরিহিত লুঙ্গির খাঁজ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার আবুল কালাম আজাদের ছেলে মিলন হোসেন বগা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ জানায়, পলাতক মিলন হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।