সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ীতে ডেঙ্গু সংক্রমণ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাম্প্রতিক ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত মাসে উপজেলায় ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং চিকিৎসা শেষে চারজনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে গোদাগাড়ীর স্থায়ী বাসিন্দা কিন্তু রাজশাহীতে বসবাসরত এক ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া চলতি মাসে রাজশাহীতে আক্রান্ত হওয়া চারজন ডেঙ্গু রোগীর মধ্যে দুজনের বাড়ি গোদাগাড়ী উপজেলায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
মশার বিস্তার ঠেকাতে পৌরসভার ড্রেন ও জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য পৌর কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
পৌরসভার বাইরের গ্রামীণ হাট-বাজারগুলোর বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার তদারকির জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া সদর হাট-বাজার সার্বক্ষণিক পরিষ্কার রাখতে স্থানীয় বণিক সমিতিকে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাপক সচেতনতা তৈরির লক্ষে ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ে মানুষকে সতর্ক করতে স্থানীয় গণমাধ্যমকর্মী, ইসলামিক ফাউন্ডেশন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সম্পৃক্ত হয়ে প্রচার কার্যক্রম চালানোর আহ্বান জানানো হয়।
সভায় আরও জানানো হয়, ডেঙ্গু সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ বা জরুরি স্বাস্থ্যসেবা পেতে সরকার নির্ধারিত স্বাস্থ্য বাতায়ন হেল্পলাইন ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সবাইকে নিজ নিজ আঙিনা ও কর্মক্ষেত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।