সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ী কাকনহাট দরগাপাড়ায় বাল্যবিবাহের প্রস্তুতির খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি জড়িতদের মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
প্রশাসন সূত্রে জানা যায়, কাকনহাট দরগাপাড়া এলাকায় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বিয়ের আয়োজন চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আয়োজকদের মধ্যে তোলপাড় শুরু হয়। পরে বয়স যাচাই করে বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে পণ্ড করে দেওয়া হয়।
অভিযানে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭ ও ৯ ধারার বিধান লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ২টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় কোনো কারাদণ্ড দেওয়া না হলেও অপরাধ স্বীকার করায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না মর্মে অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ ও আইনত দণ্ডনীয়। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এবং শিশুদের অধিকার রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সচেতন নাগরিক হিসেবে কোথাও বাল্যবিবাহের খবর পেলে প্রশাসনকে দ্রুত অবহিত করার আহ্বান জানান তিনি।