সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে সার মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ২০ আগস্ট ২০২৬ তারিখে উপজেলার কানাইডাঙ্গা (রাজাবাড়ী হাট) এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোদাগাড়ী উপজেলার কানাইডাঙ্গা এলাকার রাজাবাড়ী পোস্টের অন্তর্ভুক্ত মৃত মহসিন আলীর ছেলে নাসিরুদ্দীনের চাচাতো ভাই মৃত খাদিমুল ইসলাম সকেটের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে সার মজুদ করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই গোয়ালঘর থেকে ৯০ বস্তা এমওপি (MOP) এবং ৫০ বস্তা ডিএপি (DAP) সার উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুদকৃত মোট ১৪০ বস্তা সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার টাকা।
অভিযানকালে সার ডিলার বা সঠিক লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদের অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকা নেওয়া হয়। জব্দকৃত সার এবং অর্থদণ্ড মিলিয়ে এ ঘটনায় মোট ১ লাখ ৯২ হাজার টাকার আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে।
প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থরক্ষায় এবং সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।