সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অনিয়ম ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ‘সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনা এবং রাজশাহী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার।
জানা গেছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ ছিল। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সেবা ক্লিনিকের সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং এর প্রয়োজনীয় বৈধ নথিপত্র যাচাই-বাছাই করা হয়। তবে সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া ও অনিয়মের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে।
পরবর্তীতে উপস্থিত প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে ক্লিনিকের মূল ফটকে তালা ঝুলিয়ে সিলগালা করে দেওয়া হয়। জনস্বার্থে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।