সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে পৌর এলাকার মেডিকেল মোড় সংলগ্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘অল ডে বিস্কুট ফ্যাক্টরী’কে ১০ হাজার টাকা এবং একই আইনের ৪৩ ধারায় ফায়ার সার্ভিসের পাশে অবস্থিত ‘বাপ-বেটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, জনস্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিপুল বিশ্বাস। প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গোদাগাড়ী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও ফুড সেফটি ইন্সপেক্টর জনাব মোহাঃ সেমাজুল হক।
অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।