সারোয়ার সবুজ:-
ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ জুন) উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হালুয়াঘাট থানা পুলিশের একটি চৌকস টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ৪ নং হালুয়াঘাট ইউনিয়নের মনিকুড়া ও গোবরাকুড়া এলাকার বিভিন্ন স্পটে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী, অপরাধ প্রমাণিত হওয়ায় আটককৃত প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন: ১. জিয়াউল হক মিন্টু (২৪), পিতা: আব্দুল বারেক মুন্সী, পূর্ব গোবরাকুড়া। ২. সিয়াম (১৯), পিতা: কামরুল ইসলাম, পূর্ব গোবরাকুড়া।৩. চাঁন মিয়া ওরফে সুলতান (৪২), পিতা: মো. হাবীবুল্লাহ, দক্ষিণ মনিকুড়া।৪. রিপন মিয়া (৪৮), পিতা: মৃত হরমুজ আলী, হালুয়াঘাট উত্তর বাজার।৫. মো. জয় (২৪), পিতা: মো. আবুল হাসেম, মনিকুড়া।৬. ইয়াসিন ওরফে আকাশ (২৫), পিতা: মৃত ফজল হক, মনিকুড়া।৭. মো. আলাউদ্দিন (২৮), পিতা: মৃত হজরত আলী, কাটাবাড়ী, গাজিরভিটা।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে আমরা মাদকমুক্ত হালুয়াঘাট গড়তে বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
হালুয়াঘাট উপজেলা প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।