সারোয়ার সবুজ:-
“সবুজ স্কুল, পরিচ্ছন্ন গ্রাম, বৃক্ষরোপণ আর পানির অপচয় রোধ করি, খরা সহিষ্ণু বরেন্দ্র গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন, ২০২৬) সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানির সহায়তায় গোদাগাড়ীর কাকনহাট ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে এলাকার ১৫টি বিজ্ঞান ক্লাব অংশগ্রহণ করে।
দিনব্যাপী আয়োজনের শুরুতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উত্তরণের উপায় নিয়ে ৩৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা একটি সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিটি কাকনহাট মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এছাড়া অংশগ্রহণকারী বিজ্ঞান ক্লাবগুলো জলবায়ু পরিবর্তনের ওপর বিভিন্ন তথ্যচিত্র ও বিষয়বস্তু নিয়ে দেয়াল পত্রিকা প্রদর্শন করে, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।
কাকনহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জালাল উদ্দীনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সভাপতি প্রফেসর মো. আবদুস সালাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিবিভিওর নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক মো. সারওয়ার-ই-কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান এবং রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন।
অনুষ্ঠানে বক্তারা বরেন্দ্র অঞ্চলের পরিবেশ রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। আলোচনা শেষে উপস্থিত বক্তৃতা ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরো আয়োজনে সিসিবিভিওর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা জোসেফ হাঁসদা এবং সমাজ সংগঠক দিপিকা মাড্রি, সুচিত্রা হেম্ব্রম ও ইমরুল সাদাত মিলন।