সারোয়ার সবুজ-
রাজশাহী সিটি হাট থেকে গরু কেনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তা চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার রাজশাহী সিটি হাট থেকে গরু কিনে আনার পর রাতে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ারমারী পদ্মা নদীর মাঝের চরে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মিজান (৩৫) জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মধ্য চর আলাতুলী গ্রামের বাসিন্দা। রোববার (০৭ জুন) রাত আনুমানিক ১২ টার দিকে চর বয়ারমারী এলাকায় তার অস্থায়ী বাথান (গোয়াল ঘর) থেকে গরুটিকে খুঁজে না পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। হারানো গরুর বিবরণ অনুযায়ী, এটি একটি দেশী জাতের লাল রঙের গাভী, যার ওজন প্রায় আড়াই (২.৫) মণ। গরুর বিশেষ চিহ্ন হিসেবে রয়েছে ছোট আকারের শিং।
ভুক্তভোগী মিজান আরও জানান, তিনি গরুটির বিষয়ে প্রতিকার চেয়ে গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, তিনি অফিসের কাজে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকার কারণে বিষয়টি তৎক্ষণাৎ জানতে পারেননি।থানায় গিয়ে বিষয়টি দেখব বলে জানান তিনি
নিজের কষ্টে কেনা একমাত্র সম্বল হারিয়ে ফেলায় দিশেহারা গরুর মালিক। গরুর সন্ধান পেতে এবং চোর শনাক্তে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এই ঘটনা স্থানীয় পশু মালিকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বলে জানান স্থানীয়রা।