সারোয়ার সবুজ:-
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই প্রিয়জনদের সঙ্গে খুশির ভাগাভাগি। নতুন জামার গন্ধ আর মায়ের হাতের রান্নায় উৎসবের আমেজ খুঁজে পায় সবাই। কিন্তু এই আনন্দ সবার জীবনে সমানভাবে আসে না। এমন অনেক শিশু রয়েছে যারা বিভিন্ন প্রতিকূলতায় পরিবার থেকে বিচ্ছিন্ন। এই সব সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবুদাশ।
আজ ঈদের আনন্দকে অর্থবহ করতে তিনি হাজির হয়েছিলেন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। তাদের হাতে তুলে দিয়েছেন ঈদের উপহার। উপহারগুলো হয়তো বস্তুগত দিক থেকে খুব বড় কিছু নয়, কিন্তু শিশুদের মুখের হাসি আর তাদের চোখের ঝিলিক যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাপ্তি।
এই মহৎ উদ্যোগ সম্পর্কে শিবুদাশ বলেন, “ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক ছোট্ট শিশু আছে যারা এই বিশেষ দিনগুলোতেও পরিবার থেকে দূরে অবস্থান করে। তাদের জন্য সামান্য কিছু ঈদের উপহার নিয়ে হাজির হয়েছিলাম। তাদের মুখের হাসি আর উচ্ছ্বাসই আমার কাছে শ্রেষ্ঠ উপহার।”
তিনি আরও বলেন, “আল্লাহ যেন এই নিষ্পাপ শিশুদের জীবনকে সুখ, শান্তি ও বরকতে ভরিয়ে দেন। আমাদের সবাইকে যেন মানুষের পাশে এভাবে দাঁড়ানোর তাওফিক দান করেন, যাতে সমাজের কেউই একাকীত্বে ঈদ উদযাপন না করে।”
প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এমন মানবিক কর্মকাণ্ডে স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছেন তিনি। তার এই উদ্যোগ সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে মনে করছেন এলাকাবাসী।