সারোয়ার সবুজ:-
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন বাস কাউন্টারে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ বাস পয়েন্টগুলোতে এই অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে কি না তা যাচাই করা। কৃত্রিম সংকট তৈরি করে যাত্রীদের ভোগান্তি কমানো বাসের ছাদে যাত্রী পরিবহন না করা এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে সতর্ক করা।
অভিযান চলাকালীন শিবু দাস বিভিন্ন কাউন্টারে ভাড়ার তালিকা টাঙানো আছে কি না তা পরীক্ষা করেন এবং অপেক্ষমাণ যাত্রীদের সাথে কথা বলেন। এ সময় তিনি পরিবহন সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন:
“সাধারণ মানুষের ঈদ যাত্রা নিয়ে কোনো ধরণের অরাজকতা সহ্য করা হবে না। যাত্রী সাধারণের সুবিধার্থে এবং বাড়তি ভাড়ার জুলুম ঠেকাতে আমাদের এই নজরদারি ও অভিযান ঈদের আগ পর্যন্ত নিয়মিত চলবে।”
অভিযানকালে অনেক কাউন্টার ম্যানেজারকে সতর্ক করেন তিনি। প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা মনে করছেন, নিয়মিত এমন তদারকি থাকলে ভোগান্তি ছাড়াই প্রিয়জনের সাথে ঈদ পালন করতে বাড়ি ফিরতে পারবেন তারা।