সারোয়ার সবুজ:-
পবিত্র রমজান মাসে জনস্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ক্ষতিকর কৃত্রিম রঙ ব্যবহারের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ মানহীন পণ্য ধ্বংস করা হয়।
সোমবার (১৬ মার্চ) এই অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
অভিযান চলাকালে দেখা যায়, কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। এছাড়া খাবারে নিষিদ্ধ ও মানহীন কৃত্রিম রঙ (আর্টিফিশিয়াল কালার) ব্যবহার করে তা বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে মানহীন সেমাই ও ক্ষতিকর রঙ জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করেন। ধ্বংসকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৫০,০০০ টাকারও অধিক বলে জানানো হয়েছে।আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, রমজান মাসে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় মানহীন পণ্য তৈরি ও বাজারজাত করে থাকে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশাসনের এই কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে।