সারোয়ার সবুজ:-
রাজশাহীর পুঠিয়া উপজেলার বড় সেনবাগ এলাকায় ফসলি জমির টপসয়েল (উর্বর উপরিভাগের মাটি) কাটার দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১০টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবুদাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে বড় সেনবাগ এলাকার আবাদযোগ্য কৃষিজমির টপসয়েল কেটে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবুদাস ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় হাতেনাতে মাটি কাটার কাজে নিয়োজিত একটি এক্সকেভেটর জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেটিকে যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবুদাস জানান, অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ। সরকারি নির্দেশনা অমান্য করে কৃষিজমি ধ্বংস করায় জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, “ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও কৃষির ক্ষতি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
এলাকাবাসী প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের কঠোর নজরদারিতে এলাকায় নির্বিচারে কৃষিজমির টপসয়েল কাটা বন্ধ হবে।