সারোয়ার সবুজ:-
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ধোপাপাড়া বাজার এলাকায় এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে এক মাদক বিক্রেতা ও দুইজন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
প্রশাসন সূত্রে জানা গেছে, ধোপাপাড়া বাজার এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের গোপন সংবাদের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। এসময় ১ জন মাদক বিক্রেতা ও ২ জন মাদকসেবীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আটককৃতদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে এই লড়াই অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “মাদক বিক্রেতা ও সেবনকারী—উভয়ের বিরুদ্ধেই উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও চলমান থাকবে। কোনোভাবেই মাদকের সাথে আপস করা হবে না।”
এলাকাবাসীর শান্তি রক্ষায় প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।