সারোয়ার সবুজ:-
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে রাজশাহীর পুঠিয়ায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে পুঠিয়া বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
অভিযান চলাকালে পণ্যমূল্য ও মজুতে অসংগতি পরিলক্ষিত হওয়ায় এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দোকানে দৃশ্যমান স্থানে সঠিক মূল্যতালিকা টাঙানো আছে কি না তা যাচাই করা হয়।ক্রয় রশিদের সাথে বিক্রয় মূল্যের সামঞ্জস্য না থাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় দণ্ড প্রদান করা হয়। ব্যবসায়ীদের রমজান মাসে কৃত্রিম সংকট তৈরি না করতে এবং যৌক্তিক লাভে পণ্য বিক্রি করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, “পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখতে এবং বাজার নিয়ন্ত্রণে আমাদের এই নিয়মিত তদারকি শুরু হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান মাসজুড়ে অব্যাহত থাকবে।”
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা।