মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার (৫ ডিসেম্বর, আজকের পত্রিকা) এবং কারাগারে থাকা যুবলীগ নেতার স্বাক্ষরে পুকুর ইজারা (৫ ডিসেম্বর, উত্তরভূমি অনলাইন নিউজ পোর্টাল)।
সম্মানিত সাংবাদিক বন্ধু ও সুধী সমাজ,
গত ৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে ‘আজকের পত্রিকায় প্রকাশিত “মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার” এবং একই তারিখে অনলাইন নিউজ পোর্টাল ‘উত্তরভূমি’ তে প্রকাশিত “কারাগারে থাকা যুবলীগ নেতার স্বাক্ষরে পুকুর ইজারা” শিরোনামের সংবাদ দুটির কিছু অংশে আমার নাম উল্লেখ করে ও আমার ছবি ব্যবহার করে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমার অবস্থান ও প্রতিবাদ
প্রকাশিত সংবাদে আমাকে পুকুর ইজারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে আমি কোনো পুকুর সিন্ডিকেটের সঙ্গে জড়িত নই।
আমি মনে করি, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং আমার সুনাম ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যে প্রকৃত পুকুর সিন্ডিকেটের অসাধু চক্র সাংবাদিকদের ভুল, বানোয়াট ও মিথ্যা তথ্য প্রদান করে এই নিউজগুলো প্রকাশ করিয়েছে।
এই অবৈধ পুকুর সিন্ডিকেট ভাঙতে আমি সরকার পক্ষকে সার্বিক সহযোগিতা করেছি।
আমি জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে এই সিন্ডিকেটের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করি।
তাছাড়াও, সিন্ডিকেটের অনুকূলে থাকা ৩৬৭টি খাসপুকুরের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট থেকে জারি হওয়া নিষেধাজ্ঞা খারিজ করতে আমি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করি।
এই সমস্ত জনস্বার্থমূলক কাজের প্রতিশোধস্বরূপ এবং আমাকে দমিয়ে রাখার জন্যই সিন্ডিকেটের কুচক্রী মহল আমাকেই উল্টো ‘পুকুর সিন্ডিকেটের নেতা’ সাজিয়ে এবং সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই মিথ্যা সংবাদগুলো প্রকাশ করিয়েছে।
আমি গণমাধ্যমের সম্মানিত বন্ধুদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই করে এবং প্রকৃত তথ্য তুলে ধরে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন।
মিথ্যা সংবাদের দ্বারা প্রভাবিত না হয়ে সত্য প্রতিষ্ঠায় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
প্রতিবাদকারী,
মাহফুজুল বারী
নির্বাচিত সদস্য,গোদাগাড়ী বণিক সমিতি
গোদাগাড়ী, রাজশাহী।