সারোয়ার সবুজ:-আগামী ২৬ নভেম্বর থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘পিঠা-পুলি উৎসব-২০২৫’। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
বাঙালির চিরায়ত ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় পিঠার পরিচিতি তুলে ধরতে এই উৎসবের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আয়োজকরা জানান, উৎসবকে আরও প্রাণবন্ত ও মুখর করতে থাকছে উন্মুক্ত পিঠা তৈরির প্রতিযোগিতা। মেলায় আগত দর্শকদের বিচারে সেরা তিনটি স্টলকে (১ম, ২য় ও ৩য়) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
উৎসবের বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে উপজেলা শিল্পকলা একাডেমী, গোদাগাড়ীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পিঠা উৎসবে স্টল দিতে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামীকাল (২৩ নভেম্বর, ২০২৫) মধ্যে গোদাগাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শীতের আমেজে এই পিঠা উৎসব দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছে উপজেলা প্রশাসনের।