সারোয়ার সবুজ:-আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহিশালবাড়ী গরুহাট হয়ে গোদাগাড়ী ডাইংপাড়া মোড়ে এসে জনসমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষুব্ধ সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে শরীফ উদ্দীনের মনোনয়নের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভের ফলে রাজশাহী-চাপাই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং লোকে লোকারণ্য হয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয়। পরে মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক নিজে তার সমর্থকদের অনুরোধ করে রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা যায়, বিএনপির কেন্দ্র থেকে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিনকে প্রাথমিকভাবে মনোনীত করার ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণায় গোদাগাড়ী ও তানোরের অন্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
অভিযোগ উঠেছে, মনোনয়ন ঘোষণার সময় আরেক শক্তিশালী প্রার্থী অ্যাডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেক লন্ডনে অবস্থান করছিলেন এবং ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন হাইকোর্টের জরুরি কাজে ব্যস্ত ছিলেন। এই সিদ্ধান্তকে ‘একতরফা’ আখ্যা দিয়ে তারেক, মিলন ছাড়াও আব্দুস সালাম প্রিন্স বিপ্লব ও ইঞ্জিনিয়ার জুয়েলসহ অন্য মনোনয়ন প্রত্যাশীরা একযোগে এই প্রক্রিয়ার বিরোধিতা করেছেন।
এ বিষয়ে সুলতানুল ইসলাম তারেক বলেন, “জনপ্রিয়তার বিচারে আমিই বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার হকদার। আমি আশা করি, হাইকমান্ড বিষয়টি পুনর্বিবেচনা করে আমাকে মনোনয়ন দেবেন।”