সারোয়ার সবুজ:-
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের বরাদ্দকৃত অর্থের যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সালমান ওমর।
সভায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা অনুযায়ী প্রকল্প নির্বাচন, সঠিক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক কাজের অগ্রাধিকার নির্ধারণের বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাদের বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোহাম্মদ সালমান ওমর বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রমকে অধিকতর জনমুখী ও ফলপ্রসূ করতে ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত তহবিলের শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণে স্থানীয় জনগণের চাহিদা ও অগ্রাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়।” তিনি জনসম্পৃক্ততার মাধ্যমে অর্থ ব্যয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় সরকারি নির্দেশিকা ও ব্যবহার নীতিমালা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়। সভাপতির বক্তব্যে তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি কড়া নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তারা স্থানীয় অবকাঠামো উন্নয়ন, জনসেবা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব ও মতামত তুলে ধরেন। সভায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলো স্বচ্ছতার সাথে শেষ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।