সারোয়ার সবুজ
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজশাহীর পুঠিয়ায় বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে এই তদারকি ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস । বাজার পরিদর্শনের সময় মূল্য তালিকায় কারচুপি, পণ্য মজুত এবং ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় কয়েকজন ব্যবসায়ীকে হাতে-নাতে ধরে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের জানান:
”পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং সাধারণ মানুষের নাগালের বাইরে দাম না বাড়াতে পারে, সেজন্য আমরা তৎপর আছি। আজ অভিযানে অনিয়মের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই ধরনের ঝটিকা অভিযান নিয়মিত চলমান থাকবে। জনস্বার্থে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি প্রদান করা হয়।
বাজার মনিটরিংয়ের সময় স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।