সাইফুল ইসলাম, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলায় ‘মানব সেবা অভিযান সংস্থা’র নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ, হুইলচেয়ার এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত ১২ আগস্ট (বুধবার) মোহনপুর উপজেলার কেশরহাট শাখায় এই সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার বেশ কিছু অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে সহায়তার সামগ্রী তুলে দেওয়া হয়।
৬ জন অসহায় ও অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান। ২ জন অসহায় প্রতিবন্ধী শিশুকে চলাচলের জন্য হুইলচেয়ার প্রদান। পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে ১০০ জন সদস্যের মাঝে ২টি করে মোট ২০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ।
কেশরহাট শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাবেক সভাপতি আরিফ আহমেদ চৌধুরী, সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, মোহনপুর উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামিম, সংস্থার পরিচালক (অর্থ ও হিসাব) আসাদুজ্জামান, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, এলাকা ব্যবস্থাপক হাসিমুদ্দীন সরকার এবং সাবেক ইউপি সদস্য আবুল খায়ের। এছাড়াও অনুষ্ঠানে কেশরহাট শাখার অন্যান্য শাখা ব্যবস্থাপক ও মাঠ সংগঠকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্থার নামের সাথে কাজের চমৎকার মিল রয়েছে। সাধারণ ক্ষুদ্রঋণ কর্মসূচির পাশাপাশি এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা এই সংস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। মানুষের কল্যাণে এই মহৎ কাজগুলো যেন দেশব্যাপী আরও বিস্তার লাভ করে—অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণ ও সংস্থার সদস্যরা এমন আশাবাদ ব্যক্ত করেন।