শাহালাল ইসলাম, রাজশাহী:
রাজশাহীর ভাটোপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ভাটোপাড়া নবরূপ সংঘের উদ্যোগে দিনব্যাপী ‘ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মুখরিত এই টুর্নামেন্টে নক-আউট পদ্ধতিতে মোট ৮টি দল অংশ নেয়।
টুর্নামেন্টের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় চারটি জমজমাট ম্যাচ। দলগুলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা লক্ষ্য করা যায়। প্রথম পর্বের ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যায় নাইম বনাম ব্যাটারি গলি, বেস্ট ফ্রেন্ডস বনাম ডিয়ার ফ্রেন্ডস, শাকিল বনাম ফাইটার এলিভেন এবং রয়্যাল ফ্রেন্ডস বনাম নতুন বাংলাদেশ।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী ‘রয়্যাল ফ্রেন্ডস’ এবং ‘স্ট্রাইক স্কোয়াড’। টানটান উত্তেজনার এই ম্যাচে চমৎকার ফুটবল শৈলী প্রদর্শন করে রয়্যাল ফ্রেন্ডসকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘স্ট্রাইক স্কোয়াড’। টুর্নামেন্টে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে রয়্যাল ফ্রেন্ডস। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৬ হাজার টাকা এবং রানার আপ দলকে ৫ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটোপাড়া নবরূপ সংঘের সভাপতি ইউসুফ আহমেদ জীবন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ এখলাছুর রহমান হিটলার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ইয়াকুব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিমেল হোসাইন সোহাগ, ভাটোপাড়া নবরূপ সংঘের প্রধান উপদেষ্টা রাকিব রাজিব এবং সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ রাসেল। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সমাপনী বক্তব্যে অতিথিরা বলেন, “তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং গ্রামীণ সৌহার্দ্য অটুট রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তারা ভাটোপাড়া নবরূপ সংঘের এই আয়োজনের প্রশংসা করেন এবং আগামী দিনেও এলাকার যুবসমাজকে সুস্থ ধারায় রাখতে এমন ক্রীড়া উৎসব অব্যাহত রাখার আহ্বান জানান। পুরো টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ভাটোপাড়া নবরূপ সংঘ।