সারোয়ার সবুজ:-
পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি উপজেলার বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেন। উপহারের তালিকায় ছিল চাল, ডাল, সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং নতুন পোশাক।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি বলেন:”ঈদের আনন্দ শুধু নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য নয়, বরং সবার। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো যাতে অভাবের কারণে ঈদের খুশি থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমরা তাদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করেছি।
হঠাৎ হাতে ঈদের উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ। তারা জানান, প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এভাবে তাদের পাশে এসে দাঁড়াবেন, তা তারা ভাবেননি। শিবু দাসের এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
উপস্থিত সুধীজনরা মনে করছেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসেন, তবে সমাজে বৈষম্য কমবে এবং ঈদের প্রকৃত সার্থকতা ফুটে উঠবে।