রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার ব্যস্ততম বানেশ্বর পেঁয়াজ হাটে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদক সেবন ও অনলাইন জুয়ায় লিপ্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন রাকিব (২৭) ও পাপ্পু (২৮)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস তাৎক্ষণিকভাবে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানানো হয়েছে।