সারোয়ার সবুজ:-
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার উজালপুর, নন্দনপুর ইকোপার্ক, কৃষ্ণপুর আদিবাসী পাড়া এবং বানেশ্বরের সোনার বাংলা হোটেলসহ বেশ কিছু এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অপরাধে হাতেনাতে ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। অভিযান শেষে তিনি জানান, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং সমাজের শান্তি-শৃংখলা বজায় রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদক বিক্রেতা ও মাদকসেবী—কাউকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই কঠোর থেকে কঠোরতর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
এলাকার সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।