সারোয়ার সবুজ:-
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুঠিয়া উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা-রাজশাহী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন ও রুট পারমিটবিহীন অবৈধ যান এবং বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এসময় বেশ কিছু যানবাহনকে মোটা অঙ্কের জরিমানা করা হয় এবং চালকদের সতর্ক করা হয়।
অভিযান প্রসঙ্গে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা রোধে অবৈধ ও বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে।”
তিনি আরও জানান, জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।