সারোয়ার সবুজ:-
পুঠিয়া পৌরসভা এলাকার তাহেরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ড্রেনের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও অসহনীয় দুর্গন্ধ নিরসনে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ড্রেন থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।
এই কার্যক্রমের বিষয়ে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবুদাস জানান, জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং পরিবেশ দূষণ রোধে পৌর কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। নিয়মিতভাবে ড্রেনের ময়লা পরিষ্কারের মাধ্যমে পানি চলাচল স্বাভাবিক রাখার কাজ চলছে, যাতে আসন্ন বর্ষাকালে জলাবদ্ধতার কবলে পড়তে না হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্পূর্ণ ড্রেনটি পরিষ্কার না হওয়া পর্যন্ত এই বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, জনস্বার্থে পৌরসভার পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের ড্রেনে ময়লা না ফেলার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ‘পুঠিয়া’ গড়তে এবং জলাবদ্ধতামুক্ত পরিবেশ বজায় রাখতে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।