সারোয়ার সবুজ:-
রাজশাহীর পুঠিয়া উপজেলায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং কৃত্রিম সংকট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা বিক্রয় কেন্দ্রগুলোতে এই বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
অভিযানকালে পুঠিয়া পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পেট্রোল পাম্প ও খুচরা তেল বিক্রয় প্রতিষ্ঠানগুলোর মজুত পরিস্থিতি এবং বিক্রয় চিত্র সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং কোনো অবস্থাতেই যেন কৃত্রিম সংকট তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কড়া নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাজার তদারকির এক পর্যায়ে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রয় করার দায়ে এক খুচরা ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, “জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে। কেউ তেলের অবৈধ মজুত করলে বা নির্ধারিত দামের চেয়ে বেশি রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সাধারণ ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, নিয়মিত এই ধরনের তদারকির ফলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং অসাধু ব্যবসায়ীরা কারসাজি করার সুযোগ পাবে না।