সারোয়ার সবুজ-: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় গোদাগাড়ী পৌরসভা মিলনায়তনে এসোসিয়েশনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নাজমুস সাদাত রত্ন। তিনি বলেন, “পৌরসভার সেবার মান বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করতে হলে নিজস্ব আয় বৃদ্ধির বিকল্প নেই। বিশেষ করে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স এবং হাট-বাজার ইজারা থেকে শতভাগ রাজস্ব আদায়ে কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে।”
নাগরিক সেবার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো জনসেবা। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আমরা গোদাগাড়ী পৌরসভাকে একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।”
এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও পৌরসভার কর নির্ধারক মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে স্যানিটারি ইন্সপেক্টর ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ সেমাজুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে কমিটির অন্যান্য সদস্যরা পরিচিত হন। সভায় বক্তারা পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।রাজস্ব আদায়: বকেয়া কর ও ফি আদায়ে গতিশীলতা আনা।অধিকার রক্ষা: কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার ও পদোন্নতি নিশ্চিত করা। নিয়মিত বেতন-ভাতা প্রদান ও উন্নত কর্মপরিবেশ তৈরি।একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পৌর প্রশাসন গড়ে তোলা।
সভাপতির বক্তব্যে মো. খাইরুল ইসলাম বলেন, নবনির্বাচিত কমিটি কর্মকর্তা-কর্মচারীদের অধিকার আদায়ের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
সভায় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে, একটি সুন্দর ও আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।