সারোয়ার সবুজ:-
সারাদেশের ন্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়ও যথাযথ মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন এবং ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল- “ভবিষ্যৎ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় প্রকৃতিই হোক অনুপ্রেরণার উৎস”।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মানিক ইসলাম প্রমূখ।
র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পরিবেশবিদরা অংশ নেন। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষার বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। র্যালিতে কয়েকটি অটোরিকশাও অংশ নেয় যা পরিবেশবান্ধব পরিবহনের গুরুত্ব তুলে ধরে।
র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ হুমকির মুখে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যেতে হলে আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে হবে।
সভায় ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আরও কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখারও আহ্বান জানান।