সারোয়ার সবুজ:-
যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর গোদাগাড়ীতে পালিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি বলেন, দেশের কল্যাণে সকল জনকল্যাণমূলক কাজে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। তবে অন্যায়, দুর্নীতি ও অবিচারের সঙ্গে কখনো কোনো আপস করা হবে না।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরে তিনি আরও বলেন, এই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সংস্কার কাজ অব্যাহত রাখতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় বিবেচনা এড়িয়ে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় সরকারসহ সকল পর্যায়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শুরুতে ও শেষে তিনি জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার জোর দাবি জানান।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার এবং ক্রেস্ট বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।