সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উফশী ধান, হাইব্রিড ধান ও গম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ নাজমুস সাদাত রত্ন।
কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অহেদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ পারভেজ মোশারফ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উফশী ও হাইব্রিড ধানের জন্য মোট ১৪২০ জন এবং গম চাষের জন্য ৭৫ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে।
উফশী ধান: ১৩৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
হাইব্রিড ধান: ৬০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়।গম: ৭৫ জন কৃষককে ২০ কেজি বীজ, ২০ কেজি টিএসপি, ৩৫ কেজি ইউরিয়া, ১৮ কেজি এমওপি, ১৭ কেজি জিপসাম, ১ কেজি জিংক সালফেট ও ১ কেজি বোরণ সার দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ নাজমুস সাদাত রত্ন বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব। প্রান্তিক কৃষকদের হাতে সঠিক সময়ে বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে কৃষি উৎপাদন আরও গতিশীল হবে এবং কৃষকরা লাভবান হবেন।”
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।