সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে রাসেল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (২০ জুন) বিকেলে মোহনপুর ইউনিয়নের ঠাকুরযৌবন গুসুরা গ্রাম এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এই ঝটিকা অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, অভিযুক্ত রাসেল গড়েরমাঠ এলাকার মেকাইলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষি জমির টপসয়েল (মাটির ওপরের উর্বর স্তর) কেটে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
পরবর্তীতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “কৃষি জমির উর্বরতা রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত চলবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”